৪ ফেব্রুয়ারি ২০১৭ - ০১:০০
মার্কিন হুমকির মুখে নড়বে না ইরান: জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন হুমকির মুখে ইরান একটুও নড়বে না বরং নিজের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই ভরসা করবে।

আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন হুমকির মুখে ইরান একটুও নড়বে না বরং নিজের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই ভরসা করবে। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়াসহ আমেরিকার পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেয়ার পর জারিফ এ কথা বললেন।
আজ (শুক্রবার) জারিফ তার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেছেন, মার্কিন হুমকির মুখে ইরান একটুও নড়বে না বরং আমরা আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জনগণের ওপর নির্ভর করব।” তিনি আরো বলেছেন, “আমরা কখনো যুদ্ধের পদক্ষেপ নেব না তবে যুদ্ধ শুরু হলে আমরা আমাদের নিজেদের জনগণ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর ভরসা করব।”
অন্য এক টুইট বার্তায় জাওয়াদ জারিফ শত্রুদেশগুলোর প্রতিরক্ষা কর্মসূচির ধরণ নিয়ে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেন, “আত্মরক্ষা ছাড়া আমরা কখনো আমাদের অস্ত্র কারো বিরুদ্ধে ব্যবহার করব না। যারা ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অভিযোগ করছে তারা এমন একটি বিবৃতি দিক।
গত রোববার ইরান একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন।#